রোজারিওর এল প্রাদো কবরস্থানে রোববার দুপুরে সম্পন্ন হয়েছে হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। তবে শোকাতুর পরিবারের এই নিভৃত মুহূর্তেও গণমাধ্যমের ক্যামেরার উপদ্রব থামেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসির আইনজীবীরা। একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার পরিকল্পনা করা হচ্ছে।
দুই দিন আগে গভীর রাতে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। গতকাল পেরেস এলাকার রুট ৩৩-এর ধারে বেসরকারি কবরস্থান এল প্রাদোয় পারিবারিকভাবে সম্পন্ন হয় মেসি সিনিয়রের শেষকৃত্য। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিওয় পৌঁছে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন মেসি। সেখানে উপস্থিত ছিলেন তার মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোনরাও। সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই কবরস্থানের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছিল এবং কেবল অনুমোদিত গাড়িগুলোই ভেতরে প্রবেশের অনুমতি পায়।
এত নিরাপত্তা থাকা সত্ত্বেও বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টিভি চ্যানেল আকাশপথে ড্রোন উড়িয়ে কবরস্থান এলাকায় নজরদারি চালায়। রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতাল এবং আরও বেশ কিছু আর্জেন্টাইন সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
শোকার্ত পরিবারের ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলার এই প্রচেষ্টার তীব্র সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই একে সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সান্তা ফে পুলিশ জরুরি ভিত্তিতে ওই এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করে, যা রোববার শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত কার্যকর ছিল।
এই ঘটনার পর মেসির আইনি দল সক্রিয় হয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যেসব গণমাধ্যম ব্যক্তিগত শোকযাত্রার সীমা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।
উল্লেখ্য, শেষকৃত্যের আগে মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, কোনো উন্মুক্ত শোকসভা হবে না, বরং বিদায় হবে সম্পূর্ণ ঘরোয়াভাবে। কবরস্থানের বাইরে অনেক ভক্ত মেসির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এর মধ্যে ৭০০ কিলোমিটার দূর থেকে এসেছিলেন ১৫ বছর বয়সী লুকাস ব্লাঙ্কো। তিনি জানান, মেসি আর্জেন্টিনাকে যা দিয়েছেন, এই কঠিন সময়ে ভক্তরা তার কিছুটা প্রতিদান দিতে চান। অনেক ভক্তের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘মেসি শক্ত থাকুন’।