বরিশালের আগৈলঝাড়ায় আলোচিত জহিরুল শিকদার (৪৬) হত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদারকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৯ আগস্ট) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ওই সময় তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জহিরুলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর পশ্চিম গোয়াইল গ্রামের মসজিদের পাশের সড়কে তাকে পুনরায় মারধর করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, একপর্যায়ে সেন্টু শিকদার লোহার রড দিয়ে জহিরুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই সেন্টুসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সেন্টু ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব।
বরিশাল র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "র্যাব-৮, র্যাব-১, র্যাব-৩ ও র্যাব-১৪-এর একটি যৌথ অভিযানে দুর্গাপুরের বড় বাজার এলাকা থেকে সেন্টু শিকদারকে গ্রেপ্তার করা হয়।"
নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন। গ্রেপ্তারকৃত সেন্টুকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।