ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মুক্তকণ্ঠ ডটকম আয়োজিত ‘নগদ ফুটবল কুইজ’–এর তিনজন মেগা বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে মুক্তকণ্ঠ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেগা বিজয়ী তিনজন হলেন চুয়াডাঙ্গার নাজিম উদ্দিন, ময়মনসিংহের আবু সাঈদ বাদল এবং টাঙ্গাইলের মাজেদা আক্তার। তাঁদের উপস্থিতিতেই দৈবচয়নের মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা জেতেন নাজিম উদ্দিন। এ ছাড়া প্রথম রানারআপ মাজেদা আক্তার ৩০ হাজার এবং দ্বিতীয় রানারআপ আবু সাঈদ বাদল জেতেন ২০ হাজার টাকা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মুক্তকণ্ঠের হেড অব অনলাইন শওকত হোসেন, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান।
.বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মোতাছিম বিল্লাহ বলেন, ‘ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা ও উত্তেজনা, সেটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ারই একটি চেষ্টা ছিল আমাদের এই আয়োজন। এ ধরনের আয়োজন আমাদের প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটু বেরিয়ে এসে আনন্দ ও উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। এই আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ।’
মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আমি যখন স্কুল-কলেজে পড়তাম, তখন নিয়মিত এ ধরনের কুইজে অংশ নিতাম। কুইজে অংশ নেওয়ার মধ্যে সব সময়ই একধরনের অন্য রকম আনন্দ খুঁজে পেতাম। মুক্তকণ্ঠের মতো জনপ্রিয় ও প্রভাবশালী গণমাধ্যমের সঙ্গে এমন একটি উদ্যোগে যুক্ত হতে পারাটা আমাদের জন্য সত্যিই আনন্দের। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই কুইজের সফলতার কথা তুলে ধরে মুক্তকণ্ঠের হেড অব অনলাইন শওকত হোসেন বলেন, ‘বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক বিনিয়োগগুলোর একটি। অর্থনীতির সঙ্গে এর একটি নিবিড় সম্পর্ক আছেই। তবে এর বাইরে সবাই মিলে আমরা যেভাবে বিশ্বকাপ উপভোগ করি, তার কোনো তুলনা নেই।’
.মুক্তকণ্ঠের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘এ ধরনের কুইজ মুক্তকণ্ঠ দীর্ঘদিন ধরেই আয়োজন করে আসছে। এসব আয়োজনের সফলতার অন্যতম মূল কারণ হলো স্বচ্ছতা। মুক্তকণ্ঠ সব সময় প্রতিটি আয়োজনে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে।’
আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে মুক্তকণ্ঠের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘নগদের সঙ্গে আমাদের এই উদ্যোগটি ছিল একটি সাহসী পদক্ষেপ। কারণ, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কুইজ যতটা সহজে ও আকর্ষণীয়ভাবে করা যায়, ওয়েবসাইটে তা করা তুলনামূলকভাবে বেশ কঠিন। তবে আমাদের এই ক্যাম্পেইনটি প্রত্যাশার চেয়েও প্রায় দশ গুণ বেশি সফল হয়েছে। এতেই প্রমাণিত হয় মুক্তকণ্ঠের প্রতি মানুষের আস্থা ও ভরসা কতটা গভীর।’
প্রথম পুরস্কার এক লাখ টাকাজয়ী নাজিম উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত। বিশ্বকাপ চলাকালে অফিসের ফাঁকে ফাঁকে কুইজে অংশ নিতাম। তবে কখনো ভাবিনি যে শেষ পর্যন্ত আমি চ্যাম্পিয়ন হব। এখনো ঠিক বুঝে উঠতে পারছি না, পুরস্কারের টাকা দিয়ে আসলে কী করব!’
.ফুটবল বিশ্বকাপ ২০২৬ চলাকালে একজন অংশগ্রহণকারী প্রতিদিন সর্বোচ্চ তিনবার কুইজে অংশ নিতে পেরেছেন। nagadwcquiz.com ওয়েবসাইটে চলা এই কুইজে মোট অংশগ্রহণকারী ছিল প্রায় ৫০ হাজার জন।
প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে ৪ জন করে বিজয়ী নির্বাচন করা হয়। তাঁদের প্রত্যেকে নগদ অ্যাকাউন্টে পান ৫০০ টাকা করে পুরস্কার। টুর্নামেন্ট শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজন মেগা বিজয়ী নির্বাচিত হন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফুজ্জামান সরকার, ম্যানেজার মো. সাব্বির আহমেদ, অ্যাসিস্টেন্ট ম্যানেজার রুশনান ইবনে রফিক এবং মুক্তকণ্ঠের সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) রুহুল আমিন রনি, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ নির্বাহী নুসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তকণ্ঠের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।