কিশোরগঞ্জের ভৈরবে পচা ও বাসি খাবার বিক্রি, খাবারে অস্বাস্থ্যকর রং মেশানো এবং সংরক্ষণে চরম অনিয়মের অভিযোগে ছয়টি রেস্তোরাঁকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির নদী বাংলা সেন্টার পয়েন্টের ফুড জোনে এই অভিযান চালানো হয়। ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রেস্তোরাঁগুলোর ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মবহির্ভূত কার্যক্রম ধরা পড়ে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আধুনিক শপিং মল হিসেবে পরিচিত নদী বাংলা সেন্টার পয়েন্টের দ্বিতীয় তলায় অবস্থিত এই ছয়টি রেস্তোরাঁয় প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার গ্রহণ করেন। অভিযানের সময় দেখা যায়, কয়েক দিন আগে রান্না করা মাংসে রং মিশিয়ে তা কাঁচা মাংসের মতো করে রাখা হয়েছে, যার কিছু অংশ পচে গিয়েছিল। এই পচা মাংস বিভিন্ন নাশতা তৈরিতে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে জানা গেছে।

তদন্তকারীরা আরও দেখতে পান, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার এবং পুরোপুরি সেদ্ধ খাবারের সঙ্গে আধা সেদ্ধ খাবার রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে নাশতা তৈরির উপকরণের গায়ে মেয়াদ বা প্রস্তুতের তারিখ উল্লেখ ছিল না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রেস্তোরাঁগুলোর ফ্রিজে এক থেকে দুই লিটার করে জমাটবাঁধা কাঁচা রক্ত পাওয়া গেছে এবং ঠিক তার পাশেই রাখা ছিল আইসক্রিম।

অভিযানে ইউএস বাংলা রেস্তোরাঁর মালিক শরীফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওসান বাইটের মালিক দূর্জয় মিয়া, ছোট মামা রেস্তোরাঁর মালিক মাসুদ মিয়া, নরসিংদী ফুড জোনের ব্যবস্থাপক মহসিন, ক্রিসপি রেস্তোরাঁর মালিক আজিজুল এবং নরসিংদী কাবাবের ব্যবস্থাপক অপু তালুকদারকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এক মাসে ওই ফুড জোনের রেস্তোরাঁগুলোতে খাবার খেয়ে অসুস্থ হওয়ার একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল, যার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

অভিযোগের বিষয়ে ওসান বাইট রেস্তোরাঁর মালিক দূর্জয় মিয়া বলেন, "আমি নতুন ব্যবসায়ী। ছয় মাস আগে রেস্তোরাঁটি চালু করেছি। কিছু ভুল হয়েছে। ভবিষ্যতে এমন হবে না।" খাবারের নিরাপত্তা বিষয়ে কোনো প্রশিক্ষণ বা পড়াশোনা করেছেন কি না জানতে চাইলে তিনি তা করেননি বলে জানান।

জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর মালিক ও ব্যবস্থাপকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।