ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিস্তারিত বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রদান করেননি। তবে বৈঠক শেষে সাংবাদিকদের খলিলুর রহমান জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যেই রোববার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে গত এপ্রিলে ভারত সরকার ঢাকায় তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। নতুন দায়িত্ব পালনের লক্ষ্যে দীনেশ ত্রিবেদী গত ৫ জুন বাংলাদেশে পৌঁছান।