বগুড়ায় অনূর্ধ্ব-১৪ নারী ক্রিকেট বিভাগের তিন উদীয়মান ক্রিকেটারকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রোববার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী তাদের হাতে এই বাইসাইকেলগুলো তুলে দেন।
নতুন এই তিন ক্রিকেটার যেন নিয়মিত মাঠে অনুশীলন করতে পারেন এবং স্কুলে যাতায়াতে যেন সহজ হয়, সেই লক্ষ্যেই এই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় ঋতু মনি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খাজা আবু হায়াত হিরু এবং সদস্য রাজু হোসেন পাইকার।
এছাড়া অনুষ্ঠানে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি, বগুড়া জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ ইসলাম, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমানসহ ক্ষুদে ক্রিকেটারদের অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়া সংগঠক আসিফ সিরাজ রব্বানী বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।