চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের টিকা না থাকায় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এই নির্দেশ দেওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে ‘ক্ষমা’ করার কথা জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। হাসপাতালটি পরিদর্শনের সময় তিনি সেখানে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং জলাতঙ্কের টিকা না থাকার বিষয়টি জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ে ফোন করে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন।

পরবর্তীতে হাসপাতালের সম্মেলনকক্ষে তত্ত্বাবধায়ক, সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকে সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় ভ্যাকসিনের বিষয়ে একটি ভুল-বোঝাবুঝি ছিল বলে মন্ত্রীকে অবহিত করা হয়। এরপর স্বাস্থ্যমন্ত্রী তার আগের কঠোর সিদ্ধান্ত থেকে নমনীয় হন এবং বদলির আদেশ প্রত্যাহার করেন।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন বলেন, “হাইমচরে র‍্যাবিসের টিকা শেষ হয়ে গিয়েছিল, এ জন্য স্যার একটু রাগ করেছিলেন।”