ঝালকাঠির নলছিটিতে গাছের ডালে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বুলবুল হাওলাদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের পশ্চিম কুশঙ্গল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বুলবুল হাওলাদার ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কুশঙ্গল এলাকার নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার পাশে একটি কাফুলা গাছের সঙ্গে গলায় কোমরের বেল্ট প্যাঁচানো অবস্থায় বুলবুলকে পড়ে থাকতে দেখা যায়। বেল্টের অপর প্রান্তটি ওই গাছের একটি ডালের সঙ্গে বাঁধা ছিল। সকালে নূর আলম হাওলাদারের মেয়ে ইতি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। এরপর তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"