রাজধানীর কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) স্টেডিয়ামটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের কারণে উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে বিশ্রাম নিতে দেখা যায়।
প্রতিমন্ত্রী জানান, প্রায় দু’মাস আগে তিনি এই স্টেডিয়াম পরিদর্শন করে ছাদের অবৈধ স্থাপনা এবং ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে সেই কাজে কোনো অগ্রগতি হয়নি। এই ব্যর্থতার প্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ পুনরুদ্ধারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করবে। দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন তিনি।
দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন আমিনুল হক। তিনি জানান, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করার জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।