জন্মহার কমিয়ে আনতে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশব্যাপী একটি ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ শুরু করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা এবং স্বাস্থ্য বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।"

স্বাস্থ্য খাতের পূর্ববর্তী অবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের নানা মূল্যবান সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে এবং হাসপাতালে নানামুখী অব্যবস্থাপনা তৈরি করা হয়েছিল।"

তিনি আরও উল্লেখ করেন যে, এমন কঠিন পরিস্থিতির মধ্যেও জনগণকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্ব অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম দীনকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেন মন্ত্রী।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় তার সাথে ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম।