মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ উদ্যোগে আজ রোববার সকাল ১০টার দিকে তাঁকে স্থানান্তর করা হয়।

আক্রান্ত শিক্ষার্থী জাহেদুল ইসলাম ওরফে সিমন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর স্থায়ী বাড়ি চট্টগ্রামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে জাহেদুল হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। তবে শুরুতে আইসিইউ শয্যা না পাওয়ায় জটিলতা তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে জাহেদুলের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়লে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, বর্তমান শারীরিক অবস্থায় সড়কপথে ঢাকা যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে আইবিএর পরিচালক অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, "জাহেদুল ইসলামের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়।"

তিনি আরও জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা করতে উপাচার্য সরাসরি সহযোগিতা করেছেন।

শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "জাহেদুলের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"