চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সতর্ক নজরদারি ও দৃঢ় অবস্থানের ফলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আজ রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালান।

ঘটনাটি লক্ষ্য করে বিজিবির মাধবখালী বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তের শূন্যরেখায় তাদের বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ব্যর্থ হন এবং ওই তিন ব্যক্তি শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৪০ গজ অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন।

পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে ওই তিন ব্যক্তি পুনরায় ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। রোববার সকাল ৮টার দিকে বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান বলে জানা গেছে।

এই ঘটনার বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে বিজিবি।

৫৮ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, "সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল ও কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।"