যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ছাড়ে। আজ দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।"
জানা গেছে, বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। তবে প্রায় আট ঘণ্টা উড়াল দেওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ফ্লাইটটিকে। কারিগরি সমস্যার কারণে বিমানটি সেখান থেকে উড়তে পারছিল না। পরবর্তীতে ঢাকা থেকে বিমানের একটি প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করা হয়। দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।