ফুটবল ম্যাচে খেলা বন্ধ হওয়ার পেছনে নানা কারণ থাকে। কখনো মাঠে দর্শক ঢুকে পড়া, কখনো প্রবল ঝড়বৃষ্টি, আবার ফিফা বিশ্বকাপে দেখা গেল ‘হাইড্রেশন ব্রেক’। তবে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে খেলা থামার কারণ ছিল একেবারেই ভিন্ন। মাঠের বল উড়ে গিয়ে ব্যস্ত সড়কে দুর্ঘটনার সৃষ্টি করায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচটি।
শনিবার এস্তাদিও পার্কে এএনক্যাপে উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর মধ্যকার ম্যাচটি চলছিল। খেলার ২৪ মিনিটে এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে অত্যন্ত জোরে কিক করেন, যার ফলে বলটি মাঠের সীমানা ছাড়িয়ে বাইরে চলে যায়। মাঠের ঠিক পাশেই ছিল একটি ব্যস্ত সড়ক।
সেই সময় রাস্তা দিয়ে একটি সাদা গাড়ি দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎ সামনে ফুটবল দেখে চালক আকস্মিকভাবে জোরে ব্রেক কষেন। প্রথম গাড়িটি থেমে গেলেও পেছনের গাড়ির চালক সময়মতো ব্রেক করতে না পারায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
পুরো ঘটনাটি সম্প্রচারকারী লাইভ টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। গাড়িগুলোর সামান্য ক্ষতি হলেও চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
বল উদ্ধার এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় খেলা শুরু হয় এবং শেষ পর্যন্ত ১-০ গোলে জয়লাভ করে উরুগুয়ে মন্টেভিডিও।