চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জেলার সিভিল সার্জনকে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৯ আগষ্ট) সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এরপর তিনি ফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলি করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। এছাড়া বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা কেন্দ্রের রোগীদের সঙ্গে কথা বলেন এবং পুরো হাসপাতাল ঘুরে দেখেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডাভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদন্নবী মাছুম।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর ডা. মোহাম্মদ নুর আলম দীন চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেছিলেন। মন্ত্রীর এই বদলির নির্দেশ কার্যকর হলে দুই বছরের মাথায় ওই জেলায় তার চাকরির মেয়াদ শেষ হবে।