চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ রোববার সকালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে তিনি তাৎক্ষণিকভাবে চাঁদপুরের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ দেন।
সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। হাসপাতালটি ঘুরে দেখার সময় তিনি সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পান। এর পরপরই তিনি মন্ত্রণালয়ে ফোন করে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ প্রদান করেন।
এই পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান।
বিষয়টি নিয়ে জানতে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।