চট্টগ্রামের বাঁশখালীর সাগরপাড়ে তারেক রহমানের সমাবেশ ঘিরে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সময় বাড়ার সাথে সাথে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে এলাকাটি প্রাণবন্ত হয়ে ওঠে। চারপাশ ছেয়ে গেছে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে।

আজ রোববার (৯ আগস্ট) সকাল থেকেই বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের সমাবেশস্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা দলে দলে জড়ো হতে শুরু করেন। দুপুরের আগেই নির্ধারিত মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেকে মাঠ সংলগ্ন সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নেন।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। বন্যাকবলিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষগুলো তাদের নেতাকে একনজর দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

সমাবেশকে কেন্দ্র করে বাঁশখালীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও মাঠের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন। এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে প্রটোকল টহল ও তল্লাশির পাশাপাশি প্রধান প্রধান সড়কে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত রাখা হয়েছে।