গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার মূল ফটক এবং গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হন।
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।
নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনা প্রসঙ্গে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।"