জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নির্দিষ্ট কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে ওই এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পাশাপাশি বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশন গ্যাস সংকটে পড়বে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্রাহ্মণবাড়িয়া বিপণন বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা এবং সরাইল ও বিজয়নগর উপজেলার নির্ধারিত কিছু অংশে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সংযোগ বিচ্ছিন্নকরণের আওতায় রয়েছেন চারটি সিএনজি ফিলিং স্টেশনসহ সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক। একই সময়ে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ হতে পারে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রায় ২ থেকে ৩ হাজার আবাসিক গ্রাহক এবং ১৫ থেকে ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় মোট আবাসিক গ্যাস গ্রাহকের সংখ্যা প্রায় ২৩ হাজার ১৭৮ জন। এছাড়া ক্ষুদ্র কুটিরশিল্প ও রেস্তোরাঁসহ বাণিজ্যিক গ্রাহক রয়েছেন ১৬১ জন। জেলায় প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন তিতাস গ্যাসক্ষেত্রের প্রায় ১১ কিলোমিটার সীমানায় ৯টি স্থানে ২৭টি কূপ রয়েছে। বর্তমানে এর মধ্যে ২১টি কূপ থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে।

রক্ষণাবেক্ষণ কাজ নিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শফিকুল হক জানান, "রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।"