২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে সরকার। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে মোবাইল ফোনের এসএসএমসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা। এবার ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপলোডসহ অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নলিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 Send to 16140।

উল্লেখ্য যে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে ১১ আগস্ট হতে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।