বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে দাবি করেছে পুলিশ, যদিও সাজ্জাদ আলী এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
গতকাল শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ গতকাল দিবাগত রাত একটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। তিনি জাল নথিপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমার নাগরিক হিসেবে পরিচয় দেন এবং সেই পরিচয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, "গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার তথ্য পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে। চট্টগ্রাম মহানগরে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।"
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাজ্জাদ আলী। মুঠোফোনে কথা বলার সময় তিনি দাবি করেন, গোলাম সারোয়ার খান নামে তাঁর কোনো ফুফাতো ভাই বা সহযোগী নেই। তিনি বলেন, “আমার নাম ব্যবহার করে নানা অপরাধ করে আসছেন ওই ব্যক্তি।”