বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে ওই ঘেরে পুলিশের এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—বরিশাল নগরীর কাউনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান এবং ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান। পুলিশ জানায়, অভিযান চলাকালে সেখান থেকে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়ালসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘেরের মালিক সৈকত পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই অস্ত্রগুলো কারা ব্যবহার করত এবং এর পেছনে কোনো বড় চক্র সক্রিয় আছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ঘেরে রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো প্রাণঘাতী অস্ত্র মজুতের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ নাথ বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই তরুণকে অস্ত্রসহ আটক করা গেলেও মূলহোতা সৈকত পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।"

তিনি আরও জানান, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোনো বড় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না এবং এর পেছনে কার কার ইন্ধন রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।"

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সনজিৎ নাথ।