ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসার ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকে পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ওই ছাত্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে আগ্রহী ছিল না। সম্প্রতি সে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে গিয়েছিল। আজ সকালে তার বড় ভাই তাকে পুনরায় মাদ্রাসায় রেখে আসেন। তবে এর কিছুক্ষণ পরেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দেখা যায়, সে মাদ্রাসার পাঁচতলার জানালার সরু কার্নিশে বসে আটকা পড়ে আছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন মিয়া বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রী ছাদ থেকে নিচে নামার সময় পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। এ অবস্থায় যেকোনো সময় বিপদ ঘটতে পারত।"
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সাথে বেলা দুইটার দিকে ওই ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মাদ্রাসার মুহতামিম (মাদ্রাসা প্রধান) জানান, ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। তবে পড়াশোনার প্রতি তার অনীহা থাকায় সে বেশ কয়েকবার বাড়ি চলে গিয়েছিল। আজ তাকে পুনরায় মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করতে গিয়ে সে পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, "পুলিশের উপস্থিতিতে ওই ছাত্রীকে তার স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।"
তিনি আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার অনুরোধ করা হয়েছে।