আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (৮ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এই লক্ষ্যে আগামীকাল রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।