যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং এনজিওগ্রাম ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শনিবার (৮ আগস্ট) হাসপাতালের বর্তমান অবস্থা পর্যালোচনে পরিদর্শন করেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রার সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিট স্থাপন করে উদ্বোধন করাই এখন অগ্রাধিকার। এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোরে পূর্ণমাত্রার সিসিইউ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ইউনিট দুটি দ্রুত চালুর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।"
হাসপাতালটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি আরও জানান, প্রথম ধাপে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে আলোচনা করে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে।
স্বাস্থ্যসেবা বিভাগের এই কর্মকর্তা উল্লেখ করেন, যশোর মেডিকেল কলেজেও ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। দুটি হাসপাতাল মিলিয়ে মোট এক হাজার শয্যার সক্ষমতা তৈরি হলে যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষের উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ বহুগুণ বাড়বে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত এবং যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।