গাইবান্ধার সুন্দরগঞ্জে ইঁদুর ও উইপোকার আক্রমণে এক কৃষকের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় দুই লাখ টাকা নষ্ট হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন ভাটিয়া দীর্ঘ দিন ধরে কৃষিকাজ করে আসছেন। স্ত্রী ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি অনেক কষ্টে জমানো টাকা একটি কাঠের আলমারিতে সংরক্ষণ করে রেখেছিলেন। সম্প্রতি আলমারিটি খোলার পর তিনি দেখতে পান, অসাবধানতাবশত জমানো টাকাগুলোতে ইঁদুর ও উইপোকা আক্রমণ করেছে।
এর ফলে তার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় দুই লাখ টাকা ছিন্নভিন্ন হয়ে যায়। আকস্মিক এই ঘটনায় বর্তমানে চরম দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।
শনিবার (৮ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছোবেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।