বরিশালের গৌরনদীতে চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ফল ব্যবসায়ীর লিজ নেওয়া জমি দখল করার অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী সীমা বেগম গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ সরদার।

বাদী সীমা বেগম জানান, তার স্বামী জালাল রাঢ়ী ১৫ বছর আগে উপজেলা ভূমি অফিস থেকে লিজ নিয়ে মাহিলাড়া বাজারের একটি চান্দিনা ভিটিতে গোডাউন নির্মাণ করে ব্যবহার করছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছরই তিনি লিজের টাকা উপজেলা ভূমি অফিসে জমা দিয়ে তা নবায়ন করে আসছিলেন।

তিনি আরও জানান, "২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দোকান ঘরটি ভেঙে ফেলা হলে সেটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি ওই চান্দিনা ভিটিতে আমার স্বামী নতুন করে দোকান নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা সজল সরকার, জাফর ইকবাল ও বায়েজিদ সরদার আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে অভিযুক্তরা তাদের সহযোগীদের নিয়ে খুঁটি ও বাঁশের বেড়া দিয়ে ডিসিআরকৃত আমাদের চান্দিনা ভিটিটি দখল করে রাখে।"

সীমা বেগম উল্লেখ করেন, এই বিষয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের জানানো হয়েছে। তবে অভিযুক্তদের ভয়ে তার স্বামী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না।

অন্যদিকে, চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বাজারের ইজারাদার ও মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ সরদার। সজল সরকার মুক্তকণ্ঠকে বলেন, "ওই চান্দিনা ভিটিতে বাজারের গভীর নলকূপ স্থাপন করে প্রায় ২০ ফুট দূরত্বে সরিয়ে নলকূপের হেড বসানো হয়েছে। তাই ওই ডিসিআর বাতিল করার জন্য বাজারের ইজারাদারের পক্ষ থেকে এসিল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে। কেউ যাতে ওই ভিটিতে ঘর তুলতে না পারে সেজন্যই বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।"

এদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল জানান, ঢাকা থেকে বাড়ি গিয়ে তিনি জানতে পারেন যে চান্দিনা ভিটি নিয়ে জালাল রাঢ়ী ও বাজারের ইজারাদার সজল সরকারের মধ্যে বিরোধ চলছে। তিনি বলেন, "বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে ডাকা হলে জালাল রাঢ়ী আমার ডাকে সাড়া দেয়নি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।"

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মুক্তকণ্ঠকে জানান, মাহিলাড়া বাজারের ওই চান্দিনা ভিটিটি ডিসিআর নেওয়ার জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন। তবে ভিটিটি আগে থেকেই জালাল রাঢ়ীর নামে ডিসিআর ছিল, তাই এবারও তার নামেই তা নবায়ন করে দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে মুক্তকণ্ঠকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।