নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বন্দর থানার ঢাকেশ্বরী মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ রফিক কক্সবাজার জেলার রামু থানা এলাকার মৃত শেখ জয়নুদ্দিন আহমেদের ছেলে। তিনি বর্তমানে বন্দরের ক্রাউন সিমেন্ট ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় বসবাস করতেন এবং ওই প্রতিষ্ঠানের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালে তাকে নিয়ে আসা সহকর্মী মুস্তাফিজ জানান, দুপুরের দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়ির ঝালাইয়ের কাজের সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে শেখ রফিক গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।