যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে ঢাকা থেকে একটি বিশেষ প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, রোমে অবস্থানরত এস২-এজেওয়াই উড়োজাহাজটি মেরামতের জন্য প্রকৌশলী দল ও যন্ত্রাংশ বহনকারী বিজি-৩০৫ ফ্লাইটটি আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে রওনা হয়েছে। রোমে পৌঁছানোর পরপরই উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম মুক্তকণ্ঠকে বলেন, "রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হয়েছে। তাদের ৮ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি মেরামত করা সম্ভব হলে একই দিন রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসবে। সে ক্ষেত্রে ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।"
উল্লেখ্য, কানাডার টরন্টো থেকে ছেড়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ওই ফ্লাইটে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন।
যাত্রীদের অভিযোগ, কেবল কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য বিমানের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বাকি যাত্রীরা ‘প্রিমা ভিস্তা’ নামের একটি লাউঞ্জে অবস্থান করছেন, যেখানে কেউ কেউ অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন।
বিজি-৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।