রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের' ৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা–পুলিশ।

গতকাল শুক্রবার রাতে পুলিশ প্লাজার পাঁচতলার একটি রেস্তোরাঁ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

গুলশান থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পুলিশ প্লাজার পাঁচতলায় একটি রেস্তোরাঁয় কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের' কয়েকজন নেতা–কর্মী গোপন বৈঠক করছিলেন। পরে গুলশান থানা–পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বৈঠক করার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁদের পারস্পরিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।