চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মনিবন্ধন সংশোধনের প্রলোভন দেখিয়ে দুই নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক কৃষক দল নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অভিযুক্ত মশিউর রহমান মিরসরাই উপজেলা কৃষক দলের অধীন ৯ নম্বর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে অর্থ সংগ্রহের অভিযোগ ওঠে, যা উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তদন্ত করে সত্য বলে প্রমাণিত হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নীতি ও দলের ভাবমূর্তির পরিপন্থি। এই কারণে মশিউর রহমানকে এক সপ্তাহের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া, কেন তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ জারির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে বারইয়ারহাটস্থ উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, "দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মতো কোনো অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী অভিযুক্তকে শোকজ করা হয়েছে এবং সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"