রংপুর রেলস্টেশন এলাকায় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে সাময়িকভাবে ব্যাহত হয় রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল। দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর এই রুটে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী হতাহত না হলেও দীর্ঘ দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা এলআর এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিনের কয়েকটি চাকা এবং পেছনের একটি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি আলাদা করে ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, "রেললাইনের ৩ নম্বর লাইনে দীর্ঘদিন কোনো সংস্কার করা হয়নি। পুরোনো আমলের পচা কাঠের পাটাতনের কারণে এই দুর্ঘটনা হয়েছে। এক ও দুই নম্বর লাইনে পাথর দেওয়া হলেও ৩ ও ৪ নম্বর লাইনে পাথর দেওয়া হয়নি। লাইনে পাথর না থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।"
রংপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেনটির নির্ধারিত পথ ছিল ৩ নম্বর লাইন। স্টেশনের পয়েন্ট পার হওয়ার পর সামনের দিকে গিয়ে ইঞ্জিনের চাকাগুলো লাইনচ্যুত হয় এবং একই সঙ্গে পেছনের একটি বগির কয়েকটি চাকাও লাইন থেকে পড়ে যায়।
তিনি আরও বলেন, "ইঞ্জিন কেটে নিয়ে এবং বগিগুলো আলাদা করে এক নম্বর লাইনে রাখা হয়। এরপর লাইন স্বাভাবিক করা হয়েছে। যে অংশটি লাইনচ্যুত হয়েছে, সেটুকু ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।"