প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৩ সদস্যের প্রতিনিধি দল আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের বিদায় জানান।
এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসি। আগামী ১১ আগস্ট জর্ডানের আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে বলে জানা গেছে।
এশিয়ান ক্লাব ফুটবলের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এবারই প্রথম অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। নিজেদের অভিষেক ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি। এই ঐতিহাসিক অভিযানে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।