পাবনার বেড়া মডেল থানার সামনে পুলিশের গ্রেপ্তার করা এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা সংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের মতে, এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে এবং বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগে তারা পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান।
এই প্রসঙ্গে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, "সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয়। স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেন।"
তিনি আরও জানান, "সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"