রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতের শিকার হয়ে নিহত হয়েছেন গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরা। শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূইয়ার ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কামরুল নামে এক ব্যক্তির সঙ্গে শরিফুলের বন্ধুত্ব ছিল। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। জানা গেছে, তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।

শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল ছুরি নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, “সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”