নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস গরুবোঝাই ভটভটির ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর পাগলা বাজার মহল্লার মৃত শের আলী সরদারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার ধামানিয়া গ্রামের আরশেদ আলীর দুই ছেলে আক্কাস আলী ও জাহাঙ্গীর আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইগ্রামের বনপাড়া থেকে গরুবোঝাই ভটভটি নিয়ে ব্যবসায়ীরা চান্দাইকোনা গরুর হাটে যাচ্ছিলেন। নয়াবাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের ভটভটিকে চাপা দেয়। এতে আব্দুর রহমান ছিটকে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, "অন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা চলছে। দুর্ঘটনার শিকার যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রকিয়াধীন।"