দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নের জন্য সেবার মানসিকতাকে অপরিহার্য বলে মনে করেন তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, চিকিৎসকদের পেশাদারিত্বের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনো প্রভাব না ফেলে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "চিকিৎসকদের মূল দায়িত্ব মানুষের সেবা করা। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রোগীর প্রতি দায়িত্ববোধ ও সেবার মানসিকতাকে গুরুত্ব দিতে হবে।"

রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন পেশাদারিত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি উল্লেখ করেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। তবে এই সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তারেক রহমান। এই উপলক্ষ্যে জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। তার সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং তারেক রহমান দলীয় পতাকা উত্তোলন করেন। সমাবেশ শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে তিনি ও তার সহধর্মিণী দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।