রংপুরের পীরগাছায় তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক এনসিপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের এনসিপি সদস্য সচিব রুবেল মিয়া।
গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় সরেজমিনে দেখা যায়, নদীর তীররক্ষা বাঁধের পাশে অবাধে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে রুবেল মিয়া সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এই কর্মকাণ্ডের ফলে স্থানীয় কৃষিজমি এবং নদীর তীররক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, "আমি সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু তুলছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন এবং এতে তাদের অনুমতিও রয়েছে।"
তবে রুবেলের এই দাবি নাকচ করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি স্পষ্ট করে জানান, "বালু উত্তোলনের সাথে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।"
অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয় নিশ্চিত করে পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানান, ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি এই অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
এদিকে পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন জানান, "এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"