নিজের জন্মরাজ্য উত্তরাখণ্ডে স্থায়ী আবাস গড়তে আগ্রহী ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। তবে দীর্ঘ তিন বছর চেষ্টা করেও পছন্দমতো জমি খুঁজে না পাওয়ায় এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাহায্য চেয়েছেন তিনি।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্টে এই ইচ্ছার কথা জানান পন্ত। তিনি উল্লেখ করেন, বর্তমানে দিল্লিতে থাকলেও তিনি তার আবাস উত্তরাখণ্ডে সরিয়ে নিতে চান। কিন্তু জমি খোঁজা এবং তা কেনার প্রক্রিয়াটি তার জন্য অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে।
পন্তের অভিযোগ, জমি কেনার নিয়মে স্বচ্ছতার অভাব রয়েছে। রাজ্যের প্রচারে যুক্ত থাকার কারণে আগে যে জমি পাওয়ার কথা ছিল, সেটিও তিনি পাননি। তাই স্থানীয় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের প্রথম বাড়িটি নির্মাণের লক্ষ্যে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
পরবর্তীতে আরও একটি পোস্টে পন্ত জানান, আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যের প্রতিনিধিত্ব করার স্বীকৃতিস্বরূপ যদি তাকে জমি উপহার দেওয়া হয়, তবে তিনি খুশি হবেন। তবে উপহার না পেলেও সরকারি দরে জমি কিনতে তিনি প্রস্তুত।
পন্ত লিখেছেন, ‘উপহার পেলে ভালো লাগবে। তবে অনুমতি দিলে আমি সরকারের কাছ থেকে সরকারি দরেই জমি কিনতে চাই। নিজের রাজ্যে অন্তত প্রথম বাড়িটি নির্মাণ করতে চাই।’
মধ্যরাতে করা এই আবেদনের কথা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাড়াহুড়ো করে লেখা ওই পোস্টে কিছু বানান ও ব্যাকরণগত ভুল থাকায় সমর্থকদের মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজে পন্তের উপস্থিতি ছিল না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটার।