রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার (৮ আগস্ট) সকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা জাদুঘরটি পরিদর্শনে যান। সেখানে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক, আলোকচিত্র, নথি ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এনসিপি নেতারা জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আন্দোলনের ঘটনাপ্রবাহ ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, নথি ও ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ, গবেষণা এবং সাধারণ মানুষের সামনে প্রদর্শনের লক্ষ্যেই গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) উদ্বোধনের পর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।