যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত স্ট্র্যান্ড বুকস্টোরে লেখক পি. পারমিতার প্রথম উপন্যাস 'অ্যাপেটাইট'-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়, যেখানে লেখক তার উপন্যাসের একটি অংশ পাঠ করে শোনান।

সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত স্ট্র্যান্ড বুকস্টোরের সভাঘরে পি. পারমিতা এবং লেখক হ্যালি জ্যাকবসনের মধ্যে এক আন্তরিক আলাপচারিতা চলে। উপস্থিত শ্রোতাদের স্বতঃস্ফূর্ত হাসি ও করতালিতে মুখরিত ছিল কানায় কানায় পূর্ণ সেই সভাঘর। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব শেষে লেখক পাঠকদের জন্য বইয়ে অটোগ্রাফ প্রদান করেন। ব্যাপক চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই বুকস্টোরে থাকা 'অ্যাপেটাইট'-এর সবকটি কপি বিক্রি হয়ে যায়।

ডায়াল প্রেস (পেঙ্গুইন র‍্যান্ডম হাউস) থেকে প্রকাশিত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জারিনা একজন বাংলাদেশি অভিবাসী। তিনি পেশায় রেস্টুরেন্টের রাঁধুনি এবং রেসলিংয়ের একনিষ্ঠ ভক্ত। জারিনার স্বপ্ন হলো, বাংলাদেশের খাবারকে তার নিজস্ব পরিচয়ে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তোলা।

প্রকাশনা অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউহ্যাভেনের লেখক, প্রকাশক এবং গুণগ্রাহী পাঠকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ঢাকায় জন্মগ্রহণকারী পি. পারমিতা সানবিমস স্কুলের ছাত্রী ছিলেন। পরবর্তীতে তিনি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে এমএফএ ডিগ্রি অর্জন করেন।