পঞ্চগড় পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক (৪৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার পথে গ্রেপ্তার হন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়।
কাজী আল তারিক পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশ জানতে পারে যে, এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে বাসযোগে বিরামপুর হয়ে ঢাকায় যাচ্ছেন।
খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিরামপুর থানা পুলিশের হাইওয়ে পেট্রোল টিমের সহযোগিতায় বিরামপুর বাস টার্মিনাল এলাকায় 'আহাদ পরিববহন' নামের ঢাকাগামী একটি চলন্ত বাসে তল্লাশি চালায়। রাত ২টার দিকে ওই বাস থেকেই কাজী আল তারিককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম সাজ্জাদ হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কাজী আল তারিককে বিরামপুর থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।