পাকিস্তানি ক্রিকেটার হামজা নজরকে ভিসা আবেদনে তথ্য গোপন করার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া, তাঁকে ১০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের ভিসা আবেদন প্রক্রিয়ায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিসিবির তদন্তে দেখা গেছে, হামজা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় সঠিক ও পূর্ণ বিবরণ দেননি। বরং তিনি বিভ্রান্তিকর তথ্য জমা দিয়েছেন এবং মূল তথ্য গোপন করেছেন। তবে পিসিবি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

হামজার ভিসা আবেদনের অভিযোগ তদন্তের জন্য একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। শৃঙ্খলাবিধির অংশ হিসেবে তাঁকে অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটি হামজার জমা দেওয়া বিবরণী পর্যালোচনা করে পিসিবির কাছে প্রতিবেদন জমা দেয়, যার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

পিসিবি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ভুল উপস্থাপন ও বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়া’কে তারা গুরুত্বসহকারে দেখছে এবং জানায়, ‘পিসিবি কোনো ব্যক্তিকে বোর্ড, পাকিস্তান ক্রিকেট বা লাখ লাখ সমর্থক যারা খেলাটিকে অনুসরণ করে, তাদের সুনাম ক্ষুণ্ন করতে দেবে না।’

সাম্প্রতিক সময়ে হামজা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। তিনি ১৬টি প্রথম শ্রেণির, ১৫টি লিস্ট ‘এ’ এবং ১০টি টি–টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তাঁর। তবে ভিসাপ্রক্রিয়ায় এই অস্বচ্ছতার কারণে তাঁর সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।