পাকিস্তানের ক্রিকেটার হামজা নজরকে ওয়েস্ট ইন্ডিজ সফরের ভিসা আবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া, তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।
শুক্রবার পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
পিসিবি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তদন্তে উঠে আসে, হামজা ভিসার আবেদন করার সময় সঠিক তথ্য দেননি এবং কিছু তথ্য ভুলভাবে উপস্থাপন করেছেন। তবে ঠিক কী ধরনের তথ্য ভুল দেওয়া হয়েছিল বা কোন তথ্য গোপন করা হয়েছিল, তা বোর্ড প্রকাশ করেনি।
শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়ার অংশ হিসেবে হামজাকে নিজের অবস্থান ব্যাখ্যা এবং অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরে তার বক্তব্য ও তদন্তে পাওয়া প্রমাণ পর্যালোচনা করে পিসিবির কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। সেই প্রতিবেদনের ভিত্তিতেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
পিসিবি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভুল তথ্য উপস্থাপন ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। বোর্ড বলেছে, ‘পিসিবি এমন কোনো কাজ বরদাশত করবে না, যা বোর্ড, পাকিস্তান ক্রিকেট কিংবা খেলাটিকে অনুসরণ করা লাখ লাখ সমর্থকের সুনাম ক্ষুণ্ন করে।’
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন হামজা। তিনি এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির, ১৫টি লিস্ট ‘এ’ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তার। তবে ভিসা আবেদন নিয়ে এই ঘটনার পর আপাতত মাঠের ক্রিকেট থেকে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন হামজা।