চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে মনির হোসেন বাবু (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন বাবু শাহরাস্তি পৌরসভার বিশারা গ্রামের মোহাম্মদ মমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা গ্রামে শামছু মুহুরীর বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেন বাবু। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রেক্ষিতে গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ সরকার ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ সদস্যবৃন্দ অভিযান চালিয়ে মামলার একমাত্র এজাহারনামীয় আসামি মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।"