নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলী এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের মতে, দগ্ধ তিনজনেরই শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
গত শুক্রবার (৭ আগস্ট) চাপাতলী এলাকার সেলিম মিয়ার একটি টিনশেড ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হয়েছেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। জানা গেছে, পরিবারটি প্রায় এক বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, "তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
এদিকে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন মুক্তকণ্ঠকে বলেন, "দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই এই আগুনের সূত্রপাত। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"