বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় ১৫০ জন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কালাবদর নদীর ‘খাম্বা’ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও যাত্রী সূত্রে জানা গেছে, সকালে ভোলা থেকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল ‘এমভি সোহাগী-১’ নামের যাত্রীবাহী লঞ্চটি। পথিমধ্যে কালাবদর নদীর ‘খাম্বা’ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের সঙ্গে লঞ্চটির সজোরে ধাক্কা লাগে।

হঠাৎ এই সংঘর্ষের ফলে লঞ্চের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই চিৎকার শুরু করেন। আতঙ্কে এক যাত্রী নদীতে ঝাঁপ দেন। তবে লঞ্চের চালক দ্রুত বুদ্ধিমত্তা দেখিয়ে নৌযানটি ঘুরিয়ে ওই যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

লঞ্চের যাত্রী মো. আমিনুল ইসলাম মল্লিক জানান, “সংঘর্ষের পরপরই কোস্টার জাহাজটির নাবিক দ্রুত কৌশল অবলম্বন করে জাহাজটি অন্যদিকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের সলিল সমাধি থেকে রক্ষা পাওয়া গেছে।” পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, “খবর পেয়ে নৌ পুলিশ বিষয়টি তদারকি করছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।” তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।