ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হলে এই রুটে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "উদ্ধারকারী দল বিকেল সাড়ে পাঁচটার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে লাইন পরিষ্কার করে। এর পরপরই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।"

তবে দীর্ঘ সাত ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির সামনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।