নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে রিদওয়ান মাযহারী বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, আজ তাদেরই কেউ কেউ বিভাজনের রাজনীতি করছেন।” তিনি অভিযোগ করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা হচ্ছে, যার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
ক্যাম্পাসে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য অশান্ত পরিবেশ তৈরির সুযোগ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা যারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আজ তারাই যদি বিভক্তির রাজনীতি করি, তাহলে সেই আন্দোলনের চেতনা প্রশ্নবিদ্ধ হবে।”
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও উত্তেজনা বিরাজ করছে বলে জানান সভাপতি। তিনি উল্লেখ করেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের কেউ কেউ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা অতীতে ছাত্রলীগের ভূমিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তার মতে, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ই ক্যাম্পাসে দখলদারত্ব, সন্ত্রাস কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট করার লাইসেন্স হতে পারে না।
ছাত্রলীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে ছাত্র জমিয়ত বলে দাবি করেন রিদওয়ান মাযহারী। তিনি বলেন, “আজ একই ধরনের আধিপত্যবাদী আচরণ যদি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে আসে, ছাত্র জমিয়ত এরও বিরোধিতা করবে।” তিনি আরও মনে করেন, ব্যক্তি, সংগঠন কিংবা দল পরিবর্তন হলেই আধিপত্যবাদী রাজনীতি গ্রহণযোগ্য হয়ে যায় না।
ছাত্রসংগঠনগুলোর মধ্যকার ভুল-বোঝাবুঝি ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সব ছাত্রসংগঠনের দায়িত্ব। এ জন্য ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে পারস্পরিক সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতির অবসান। এই প্রসঙ্গে তিনি বলেন, “নতুন বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সমাবেশ শেষে ছাত্র জমিয়তের উদ্যোগে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের করা হয়, যা বায়তুল মুকাররম ও পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ আল গাজী, প্রশিক্ষণ সম্পাদক শামসুল আরেফিন, ভার্সিটি সম্পাদক তাকি মাহমুদ, নির্বাহী সদস্য সাইফ বিন জামাল প্রমুখ।