গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে ও ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন দেখতে পান পথচারী ও স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজস্ব প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর জানান।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, "অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত চলছে।"